রংপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ইয়ানাতকে পার্কে ঢুকতে না দেওয়ার ঘটনায় রংপুরের জেলা প্রশাসকের (ডিসি) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সুপ্রিম কোর্টের দুইজন আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিটের শুনানি হবে।
রিটে পাবলিক প্লেস, শপিং সেন্টার, শিক্ষা-প্রতিষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য হুইল চেয়ার ও অবাধ চলাচলের বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করতে বলা হয়েছে।
সেই সঙ্গে সব পার্কে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ৫০ শতাংশ খরচে পার্কের রাইডে ওঠারও অনুমতি চাওয়া হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, রংপুরের মেয়র, জেলা প্রশাসক রংপুরসহ সাতজনকে রিটের বিবাদী করা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে শিশুটির মা রিজা রহমান জানান,
‘গত ২৬ এপ্রিল মেয়েকে নিয়ে চিকলি ওয়াটার পার্কে যান তিনি। টিকিট কেটে মা ও মেয়ে পার্কের ভেতরে ঢোকেন।’
‘কিডস জোনের জন্যও আলাদা ১০০ টাকা দিয়ে টিকিট কাটেন। তবে সেখানে ঢুকতে গেলে নিরাপত্তাকর্মী জানান, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভেতরে হুইলচেয়ার নিয়ে ঢোকা যাবে না।’
‘প্রায় পাঁচ মিনিট পর ওই কর্মী জানান, হুইলচেয়ার নিয়ে ভেতরে ঢোকার জন্য কর্তৃপক্ষের অনুমতি পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন,
‘কর্মীর সেই কথা শুনে আমি আমার মোবাইলের ক্যামেরা চালু করি। ভিডিওতে বলি কেন হুইলচেয়ার নিয়ে আমি ভেতরে ঢুকতে পারব না। আমি টিকিট কেটেছি।’
‘কোনো বিধিনিষেধ থাকলে টিকিট দিলেন কেন? তখন ওই কর্মী টিকিট ফেরত দিতে বলেন।’
এরপর বিষয়টি গণমাধ্যমে আসার পর সুপ্রিম কোর্টের দুইজন আইনজীবী হাইকোর্টের
সংশ্লিষ্ট শাখায় রংপুরের জেলা প্রশাসকের (ডিসি) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চেয়ে রিট আবেদন করেন।
