দিনাজপুরের হিলিতে এক বৃদ্ধাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টা দিকে বৃদ্ধার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
রহিম উদ্দিন নামে এক প্রতিবেশী বলেন,
‘বৃদ্ধা রেখা বিবির (৭০) স্বামী এক মসজিদের খাদেম ছিলেন। তিনি পাঁচ বছর আগে মারা যান।’
‘স্বামী মারা যাওয়ার পর বাড়িতে তিনি একাই থাকতেন। সংসারে আয় করার মতো কেউ না থাকাই একটি ঘরে তিনি থাকতেন আর আরেকটি ঘর ভাড়া দিতেন।’
‘রাত সাড়ে ৯টার দিকে দুজন তার বাসায় থাকার জন্য এসে দেখে বৃদ্ধাকে কে বা কারা গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে। পরে স্থানীয়রা গিয়ে পুলিশে খবর দেয়।’
প্রতিবেশী রাজিয়া বেগম বলেন,
‘রেখা বিবির এক ছেলে এক মেয়ে আছেন। ছেলে ঢাকাতে থাকেন। মেয়ের বিয়ে হয়েছে।’
‘বৃদ্ধা একাই থাকতেন বাড়িতে। তার কোনো রোজগারের ব্যবস্থা না থাকায় একটি ঘরে তিনি থাকতেন;
‘আরেকটি ঘর ভাড়া দিতেন মাদক সেবনকারীদেরকে। প্রতিদিন যে ঘর ভাড়া পেত তা দিয়ে চলত তার সংসার।’
‘প্রতিদিনের মতো বাড়ির সামনে সন্ধ্যায় বসে আমরা গল্প করেছি, পরে তিনি তার বাড়িতে চলে যান।’
‘রাত ১০টার দিকে হঠাৎ চিৎকার শুনতে পাই। গিয়ে দেখি বৃদ্ধার মরদহ পড়ে আছে।’
নিহত বৃদ্ধার মেয়ে বলেন,
‘আমার মা খুবই ভালো মনের মানুষ ছিলেন, কারও সঙ্গে ঝগড়া বিবাদ ছিল না। কেন এমনটা হল এর বিচার চাই।’
ঘর কাদেরকে ভাড়া দিতেন জানতে চাইলে তিনি বলেন,
‘বাবা মারা যাওয়ার পর মা বাসায় একা থাকতেন, অভাব অনটনের মধ্যে চলতো তার সংসার।’
‘মায়ের অভাবের কারণে টোকাইদের ঘর ভাড়া দিতেন। কে জানত এমন হবে।’
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের হাকিমপুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুর ইসলাম বলেন,
‘মরদেহ উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।’
