রংপুরের পীরগাছায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন হুমায়রা আক্তার তিন্নি নামে এক পরীক্ষার্থী। তিনি উপজেলার রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
এর আগে পরীক্ষার্থীর বাবা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব রতন রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টায় মারা যান।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায়, ওই পরীক্ষার্থী কান্না করছেন আর খাতায় লিখেছেন আর চোখ দিয়ে পানি ঝরছে। এসময় হল পরিদর্শকরা তাকে সান্ত্বনা দিচ্ছেন।
পীরগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সুবীর কুমার চক্রবর্তী বলেন, আব্দুল ওহাব রতন অনন্তরাম (দশগাঁ) গ্রামের বাসিন্দা। তিনি ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং পীরগাছা বাজারে পানের আড়ৎদারী করতেন।
এ ব্যাপারে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অ্যাকাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া বলেন, বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর প্রতি সমবেদনা জানিয়েছি। তাকে সান্ত্বনা দিচ্ছি। তার যাতে পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয়; সে বিষয়টি খেয়াল রাখছি।

Comments are closed.