বেনাপোলে পণ্য খালাসের জন্য নেই পর্যাপ্ত জায়গা

জায়গা সংকটে বেনাপোল বন্দরে বাড়ছে পণ্যজট। অনেক সময় পণ্য খালাসের কাজ করা হচ্ছে সড়কের ওপর।

এতে ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন ঘটছে বলে জানান ব্যবসায়ীরা।

দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে পণ্য খালাসের জন্য নেই পর্যাপ্ত জায়গা।

এতে ট্রাক রাখা হচ্ছে সড়কের ওপর। পাশাপাশি বন্দরে নেই পর্যাপ্ত গোডাউনও।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে, বন্দরে আমদানি পণ্যের ধারণ ক্ষমতা ৪২ হাজার মেট্রিক টন।

তবে বন্দরটিতে সবসময় পণ্য থাকে প্রায় দুই লাখ মেট্রিক টনের কাছাকাছি।

এদিকে জায়গা সংকটে দৈনিক গড়ে ৩৫০ থেকে ৪০০ ট্রাক বন্দরে প্রবেশ করায় যানবাহনগুলোকে অপেক্ষা করতে হচ্ছে সড়কের ওপর।

কোথাও কোথাও সড়কেই করা হচ্ছে পণ্য লোড-আনলোডের কাজ। আর পণ্য রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় তৈরি হচ্ছে ভয়াবহ পণ্যজট।

ট্রাক চালকরা জানান, বন্দরে জায়গা সংকটের কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।

পাশাপাশি দেরি হচ্ছে পণ্য লোডিং-আনলোডিংয়ে। এতে ক্ষতির শিকার হচ্ছেন তারা।

আর পণ্য আনা-নেয়ায় গতি আনতে অন্তত ৪০টি গোডাউন এবং ভারতীয় ও বাংলাদেশি ট্রাকের জন্য আলাদা টার্মিনাল নির্মাণ করার দাবি ব্যবসায়ীদের।

বেনাপোল ট্রাক ট্রান্সপোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সুমন বলেন,

ওয়্যারহাউজের সংখ্যা বাড়ানো হলে বন্দরে কাজের গতি বাড়বে। পাশাপাশি দুই দেশের জন্য আলাদা টার্মিনাল নির্মাণের তাগিদ দেন তিনি।

তবে বাণিজ্যে গতি বাড়াতে বন্দরে বিভিন্ন উন্নয়মূলক কাজ হচ্ছে বলে জানান বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল।

তিনি বলেন, বন্দরের উন্নয়নে কাজ চলছে। নতুন টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে একইসঙ্গে প্রায় ১ হাজার ২০০ ট্রাক অবস্থান করতে পারবে।

আরও পড়ুন :

এনএএন টিভি