বলিউড তারকা দীপিকা এবার হলিউড ওয়াক অব ফেমে

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবার যুক্ত হলেন হলিউডের মর্যাদাপূর্ণ ‘ওয়াক অব ফেম’-এ। ২০২৬ সালের জন্য ঘোষিত ‘মোশন পিকচার’ বিভাগের নতুন তালিকায় জায়গা করে নিয়েছেন এই ভারতীয় অভিনেত্রী। হলিউড চেম্বার অব কমার্স আয়োজিত সরাসরি সম্প্রচারে এ ঘোষণা আসে, যেখানে দীপিকা একমাত্র ভারতীয় হিসেবে এই স্বীকৃতি পাচ্ছেন। খবর বলিউড হাঙ্গামার

এ তালিকায় দীপিকার পাশাপাশি রয়েছেন এমিলি ব্লান্ট, টিমোথি শ্যালামে, রামি মালেক, র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, ডেমি মুর, স্ট্যানলি টুচি ও মাইলি সাইরাসের মতো আন্তর্জাতিক তারকারা। অভিনয়ে নিজের সুনাম ও আন্তর্জাতিক পরিসরে প্রভাবের জন্য এই স্বীকৃতি দীপিকার ঝুলিতে যুক্ত করল আরও একটি গৌরব।

ভারতীয় সিনেমা ও হলিউড—দুই ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছেন দীপিকা পাড়ুকোন। অনেক আন্তর্জাতিক তারকা ওয়াক অব ফেমে জায়গা পেলেও ২০২৬ সালের ব্যাচে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন দীপিকা

২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির মাধ্যমে দীপিকার হলিউড যাত্রা শুরু হয়, যেখানে তিনি অভিনয় করেছিলেন ভিন ডিজেলের বিপরীতে। যদিও এরপর আর হলিউড ছবিতে দেখা না গেলেও, আন্তর্জাতিক মঞ্চে তার উপস্থিতি—বিশেষ করে ফ্যাশন শো, চলচ্চিত্র উৎসব ও নানা আন্তর্জাতিক আয়োজন—তাকে গ্লোবাল আইকনে পরিণত করেছে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেয়। সাম্প্রতিক সময়ে দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের সময়সীমা নিয়ে তাঁর মন্তব্য কিছু বিতর্ক তৈরি করলেও, বর্তমানে তিনি ব্যস্ত অ্যাটলির পরিচালনায় ৬০০ কোটির একটি মেগা প্রজেক্ট নিয়ে, যেখানে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন।

গত বছরের সেপ্টেম্বরে প্রথম সন্তানের মা হয়েছেন দীপিকা। শিগগিরই মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে কাজে ফিরবেন তিনি। দীপিকাকে দেখা যাবে দক্ষিণি নির্মাতা অ্যাটলির নতুন সিনেমায়।