বলিউডের দুই তারকা সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল। শোনা যায়, ভিন্নধর্মের সম্পর্ক বলে অভিনেত্রীর পরিবার নাকি প্রথমে মেনে নিতে চায়নি। কিন্তু হার মানেননি সোনাক্ষী বা জহির কেউই।
দীর্ঘ টানাপড়েনের পরে ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেছিলেন তারা। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইনি বিয়ে সেরে তারা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। বিয়ের সাজেও ছিল না ভারিক্কি ব্যাপার। বিবাহ-পরবর্তী জীবনে নিজেদের সুখী মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরতে শুরু করেন দু’জনই।
দেখতে দেখতে কেটে গিয়েছে এক বছর। গতকাল (প্রথম বিয়ে বিবাহবার্ষিকীতে) স্বামীর সঙ্গে একটি সোহাগী ছবি শেয়ার করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোনাক্ষী লেখেন, ‘শুভ বিবাহবার্ষিকী, আমার আট বছরের প্রেমিক ও এক বছরের স্বামীকে। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, দু’টি মানুষই এক!’ এর সঙ্গে হাসির ইমোজি দিয়েছেন তিনি।

সোনাক্ষীর মতে, তিনি সেরা শ্বশুরবাড়ি পেয়েছেন। তাই তিনি লিখেছেন, ‘আমার শ্বশুরবাড়িই সেরা এই পৃথিবীতে। তারা প্রথমে এই ছেলেটাকে দিয়েছেন। আর তারপরে আমাকে অনেক অনেক ভালবাসা দিয়েছেন।’
সোনাক্ষীর বিয়ে নিয়ে বিতর্ক কম হয়নি। এমনকি ‘লাভ জিহাদ’ প্রসঙ্গও উঠে এসেছে বার বার। শ্বশুরবাড়ি গিয়ে অভিনেত্রী কেমন থাকবেন, তা নিয়ে সন্দেহও প্রকাশ করেছিলেন নিন্দকেরা। কিন্তু সোনাক্ষী সপাটে জবাব দিয়েছেন নিন্দকদের। বুঝিয়ে দিয়েছেন দীর্ঘ দিনের প্রেমিককে বিয়ে করে দিব্যি আছেন তিনি।

এদিকে, বিয়ে নিয়ে সোনাক্ষীর নিজের বাড়িতেও কম সমস্যা হয়নি। গুঞ্জন, তার দুই ভাই লব এবং কুশ সিনহা উপস্থিত থাকেননি বোনের বিয়েতে। যদিও কুশ পরে জানান, পুরোটাই গুজব। তিনি বোনের বিয়েতে ছিলেন।
