বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ খ্যাত বহুল আলোচিত লেখক, ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি এলেই নন্দিত অভিনেতা আবুল হায়াতের স্মৃতিতে ভেসে ওঠে হুমায়ূন আহমদের সঙ্গে জমে থাকা অসংখ্য স্মৃতি।
অভিনয়ের সুবাদেই লেখকের সঙ্গে হৃদ্যতা গড়ে উঠেছিল আবুল হায়াতের। সেসব কথার ফাঁকে সংবাদমাধ্যমকে আবুল হায়াত জানান, হুমায়ূন আহমেদের সঙ্গে প্রথম দেখা হওয়ার ঘটনা।
আবুল হায়াত বলেন,

“হুমায়ূন আহমেদের প্রথম লেখা নাটকের নাম ছিল ‘প্রথম প্রহর’। নাটকটির প্রযোজক ছিলেন নওয়াজীশ আলী খান।
সেই নাটকে আমি অভিনয় করেছিলাম। তখনও তার সঙ্গে আমার পরিচয় ছিল না। শুটিং স্পটে তাকে প্রথম দেখি। দেখতে কিছুটা শুকনা ছিলেন। গায়ের রং ফর্সা।
৩ কন্যা ও স্ত্রীকে নিয়ে সেদিন শুটিং দেখতে এসেছিলেন। প্রথম দিনই লক্ষ্য করি তিনি কথা কম বলেন।
খুব প্রয়োজন ছাড়া কথাই বলেন না। শুধুমাত্র নওয়াজীশ আলী খানের সঙ্গে টুকটাক দরকারি কথা বলেন।”
সেদিন প্রথম দেখলেও আগেই লেখকের নামের সঙ্গে পরিচিত ছিলেন আবুল হায়াত। এমনতা উল্লেখ করে তিনি বলেন,

“তারও আগে হুমায়ুন আহমেদের নাম শুনি আমি। কেননা, তার লেখা ‘নন্দিত নরকে’ গল্প অবলম্বনে আল মনসুর একটি নাটকের নাট্যরূপ দিয়েছিলেন।
সেখানেও আমি অভিনয় করেছিলাম। তখন তিনি আমেরিকায় পড়ালেখা করতে গেছেন। দেশে তার লেখক হিসেবে নামডাক হয়ে গেছে।”
হুমায়ূন আহমেদের অসংখ্য নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত। এর মধ্যে ‘অয়োময়’, ‘বহুব্রিহী’, ‘আজ রবিবার’, ‘নক্ষত্রের রাত’ উল্লেখযোগ্য।
এছাড়া লেখক নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আগুণের পরশমণিতে অভিনয় করেছেন তিনি।
উল্লেখ্য, ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমান তিনি।
