বিমান টেক-অফ করার আগমুহূর্তেই দেখা দিল বিপত্তি। রানওয়েতে ফেটে গেল বিমানের চাকার টায়ার। আর এতে আহত হয়েছেন বিমানের কমপক্ষে ১১ জন যাত্রী।
শনিবার (২৪ জুন) হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে রোববার (২৫ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,
‘স্থানীয় সময় শনিবার হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক-অফের সময় দুর্ঘটনার মুখে পড়ে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের সিএক্স৮৮০ ফ্লাইটটি।’
‘দুর্ঘটনাকবলিত ফ্লাইটটি হংকং থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যাচ্ছিল এবং ফ্লাইটে ১৭ জন ক্রু ও ২৯৩ জন যাত্রী ছিলেন।’
বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। তীব্র ঝাঁকুনিতে আহত হন বিমানের ভেতরে থাকা যাত্রীরা।
পরে রানওয়েতেই কোনও রকমে বিমানটিকে দাঁড় করিয়ে ইমারজেন্সি দরজা খুলে এসকেপ স্লাইড দিয়ে যাত্রীদের বিমান থেকে নামানো হয়।
যদিও সংস্থার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে,
‘যান্ত্রিক ত্রুটি নজরে আসতেই বিমানের ক্রু টেক-অফ বাতিল করার সিদ্ধান্ত নেন। পেছনের গেট থেকে যাত্রীদের নামানোর সময় কয়েকজন যাত্রী আহত হন।’
বিমানবন্দর থেকেই আহত ১১ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক চিকিৎসার পর ৯ জন যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ২ জন।
ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের পক্ষ থেকে তাদের চিকিৎসার খরচ বহন করা হবে।
আরও পড়ুন :
