পাহাড় ধসের ভারি পাথর গাড়ির উপর গড়িয়ে পড়ে নিহত ২

পাহাড়ি রাস্তায় নেমেছে অবিরাম বৃষ্টি, সড়কে সৃষ্টি হয়েছে যানজট। এর মধ্যেই, পাহাড় ধসের কারণে ভারি পাথর গড়িয়ে এল নিচে। মুহূর্তেই খেলনার মতো দুমড়ে-মুচড়ে গেল দুটি গাড়ি।

উত্তর-পূর্ব ভারতীয় রাজ্য নাগাল্যান্ডে মঙ্গলবার (০৪ জুলাই) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়,

‘গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টির কারণে নাগাল্যান্ডের বিভিন্ন এলাকায় ধস নামছে।’

‘মঙ্গলবার চুমোউকেদিমা জেলায় ২৯ নম্বর জাতীয় সড়কে যখন দুর্ঘটনা ঘটে, তখন ওই এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল।’

যে স্থানে গাড়িগুলো আটকে পড়ে তার নাম পাকালা পাহাড়। এদিন চোখের নিমেষে পাহাড় থেকে পাথর নেমে আসার ঘটনাটি ধরা পড়েছে পেছনের গাড়িতে থাকা ক্যামেরায়।

ভিডিওতে দেখা যায়,

‘পাশাপাশি দুটি পাথর পাহাড় থেকে প্রচণ্ড গতিতে নিচে নেমে এসেছে। একটি পাথরের আকার অপেক্ষাকৃত ছোট এবং অন্যটি আকারে বিশাল।’

‘বড় পাথরটি দাঁড়িয়ে থাকা একটি কালো রঙের গাড়ির উপর দিয়ে গড়িয়ে যায়। এতে মুহূর্তেই চুরমার হয়ে যায় গাড়িটি।’

পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটিতেও ধাক্কা মারে ওই পাথর। তাতে পাশের গাড়িটি এক পাশে কাত হয়ে উল্টে যায়।

কালো গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা আর একটি গাড়িতেও ধাক্কা মারে অন্য একটি পাথর। সেই গাড়িও তাৎক্ষণিক ভেঙেচুরে যায়।

এ ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। অন্য এক জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।

এছাড়া গাড়ির ধ্বংসস্তূপে দীর্ঘক্ষণ একজন আটকে ছিলেন। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন। নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার।

এনএএন টিভি