বিহারে নির্মাণাধীন সেতু মুহুর্তে ধসে পড়লো গঙ্গা নদীতে

ভারতের বিহারের ভাগলপুরে গঙ্গা নদীর ওপর নির্মাণাধীন চার লেনের একটি সেতু চোখের পলকে মুহুর্তের মধ্যে ধসে পড়েছে।

রোববার (৪ জুন) নির্মাণাধীন এই সেতু নদীতে ভেঙে পড়ার ঘটনায় কোনও হতাহত হয়নি বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

রাজ্যের শীর্ষ এক জেলা কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেছেন,

‘রোববার সন্ধ্যা ৬টার দিকে নির্মাণাধীন সেতু ধসের এই ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন রয়েছে। আমরা ‘পুল নির্মাণ নিগমের’ কাছে সেতু ধসের ঘটনায় প্রতিবেদন চেয়েছি।’

ভাগলপুর প্রশাসনের কর্মকর্তা ধনঞ্জয় কুমার বলেছেন,

‘রোববার ছুটির দিন থাকায় জেলায় সেতুটির নির্মাণকাজ বন্ধ ছিল। সন্ধ্যার দিকে আচমকাই সেতুটির ৩টি স্তম্ভ ভেঙে পড়েছে। এর ফলে মুহূর্তের মধ্যে পুরো সেতুটিই গঙ্গার পানিতে ধসে গেছে।’

রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গঙ্গায় সেতু ধসের এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৪ সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যের সুলতানগঞ্জ ও খাগরিয়া জেলার মাঝে সংযোগকারী এই সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন।

আরও পড়ুন:

এনএএন টিভি