ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে কমপক্ষে ১১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৬৬ জন। এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৬০ হাজার ৮৩৯ জনে দাঁড়িয়েছে।
রোববার (৩ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সংবাদ সংস্থা আনাদোলু’র।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় কমপক্ষে ৬০ হাজার ৮৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ১১৯টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ৮৬৬ জন। যার ফলে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জনে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২৯০টি মৃতদেহ যাচাই করে নিবন্ধন করার পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে।
এতে আরও বলা হয়েছে, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন।
বিবৃতিতে আরও জানানো হয়, সম্প্রতি ত্রাণ সংগ্রহের সময় ইসরাইলি বাহিনীর আক্রমণে ৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৫১১ জনের বেশি আহত হয়েছেন। ৭ অক্টোবরের পর থেকে কেবল ত্রাণ নিতে গিয়ে মোট ১,৪৮৭ জন নিহত এবং ১০,৫৭৮ জন আহত হয়েছেন।
১৫ মাসেরও বেশি সময় ধরে চলমান সহিংসতা
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরাইল গাজার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ওই হামলায় ইসরাইলের দাবি অনুযায়ী, ১২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।
এর পর থেকেই গাজায় নজিরবিহীন হামলা শুরু করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (IDF)। প্রায় ১৫ মাস ধরে চলমান এ অভিযানে একাধিকবার যুদ্ধবিরতি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। সর্বশেষ জানুয়ারি মাসে স্বল্পস্থায়ী একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও, ১৮ মার্চ থেকে তা ভেঙে নতুন করে হামলা শুরু করে আইডিএফ। এরপর থেকে আরও ৯,৩৫০ জন নিহত এবং ৩৭,৫৪৭ জন আহত হন।

2 Replies to “গাজায় ফের ইসরাইলি হামলায় : একদিনেই ১১৯ ফিলিস্তিনি নিহত”
Comments are closed.