সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার দেশে ফেরেন তিনি।

সুইজারল্যান্ড সফরকালে সেনাবাহিনী প্রধান গত ৫ অক্টোবর দেশটিরর বিমান বিধ্বংসী অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘Rheinmetall Air Defence Company AG’ এর প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবং প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ বাংলাদেশ সেনাবাহিনীর সাথে চলমান বর্তমান প্রকল্পসমূহ এবং উৎপাদিত সরঞ্জামাদি সম্পর্কে সেনাপ্রধানকে প্রয়োজনীয় ব্রিফিং প্রদান করেন। পরে তিনি উক্ত কোম্পানির উৎপাদন প্ল্যান্টে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রস্তুতকৃত Oerlikon Twin Gun GDF-009 গান পরিদর্শন করেন।

গত ৬ অক্টোবর প্রতিষ্ঠানটি লাইভ ফায়ারিংয়ের আয়োজন করে। এতে অংশ নিয়ে সেনাপ্রধান Oerlikon Twin Gun GDF-009 গান ফায়ারিং এবং গোলাবারুদের কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।

সুইজারল্যান্ড আর্মড ফোর্সে- এর আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্পর্ক বিভাগের পরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশ এবং সুইজারল্যান্ড সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এছাড়াও সুইস এয়ার ফোর্স ও এয়ার ডিফেন্স জাদুঘর পরিদর্শন করেন জেনারেল শফিউদ্দিন।

সেনাবাহিনীর প্রধান গত ৭ অক্টোবর Rheinmetall কোম্পানির অ্যামোনিশন প্রোডাকশন লাইন পরিদর্শন এবং প্রস্তুত প্রণালী পর্যবেক্ষণ করেন। সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেসের এই সফরের মধ্য দিয়ে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।