রাজধানী ঢাকার বেসরকারি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডে পরামর্শে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে হাসপাতালের সিসিইউ-সংবলিত কেবিন থেকে মূল সিসিইউতে নেওয়া হয়। গত কয়েক দিন তিনি সিসিইউ-সংবলিত কেবিনে চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সোমবার রাত সাড়ে ৭টার দিকে তাকে সিসিইউতে শিফট করা হয়।
রাত সাড়ে ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে শিফট করা হয়েছে। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
৮ জুলাই ভোররাতে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে ঢাকার বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছেন ও সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন। তাঁর স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা চলছে।
৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এক নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। তখন থেকে ছয় মাস পরপর মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।
