নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ১১ ডিসেম্বর রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ সাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে ৯ জনকে উপদেষ্টা, আজহারুল ইসলাম মান্নানকে সভাপতি ও মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি আল মোজাহিদ মল্লিক, সহ-সভাপতি মনিরুজ্জামান, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক রোমিসহ ১০১ জনের নাম ঘোষণা করা হয়।
সোনারগাঁও উপজেলা বিএনপির একটি সূত্র জানায়, গত ১ নভেম্বর মেঘনা শিল্পনগরী এলাকায় আজহারুল ইসলাম মান্নানের নিজ বাসভবনে আলোচনা ও পরিচিতি সভায় আনুষ্ঠানিকভাবে উপজেলা বিএনপির কমিটি ঘোষণা দেওয়ার কথা থাকলেও গত ১০ ডিসেম্বর শনিবার বিএনপির বিভাগীয় সম্মেলনকে কেন্দ্র করে এ কমিটি অঘোষিত থেকে যায়।
সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, গত ১ নভেম্বর একটি আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, গত ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সভা সফল হওয়ার পর সোনারগাঁও উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে। আমরা আমাদের কথা রাখতে পেরেছি। কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে।
তিনি বলেন, কমিটিতে সবাই আসতে পারবে না এটাই স্বাভাবিক, কিন্তু তৃনমূল বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে সম-পরিমাণ ভালবাসা দিয়ে সোনারগাঁ উপজেলা বিএনপিকে আরও বেশি শক্তিশালী হিসেবে গড়ে তোলা হবে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি বলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি প্রস্তুতকালে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটুসহ বিএনপির শীর্ষ নেতারা।

Comments are closed.