রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নীতি-আদর্শ ও স্পষ্ট পরিকল্পনাহীন একটি দল ধর্মের নামে শুধু ‘ট্যাবলেট বিক্রি’ করছে। তার দাবি, বিএনপি দেশ ও জনগণের আর্থ–সামাজিক উন্নয়নের জন্য সুস্পষ্ট, বাস্তবমুখী কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন,“আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমাদের লক্ষ্য—জনগণের কল্যাণে কী পরিকল্পনা আছে তা পরিষ্কার ভাষায় তুলে ধরা।”
তিনি আরও বলেন, যারা বিনা পরিশ্রমে জান্নাতের স্বপ্ন দেখায়, তাদের জানতে হবে সেই বাস স্টেশন কোথায়—এ কথা জনগণ ভালোভাবেই বোঝে।
তার ভাষ্য, দেশের রাষ্ট্র পরিচালনায় আগে থেকেই পরিকল্পনা না থাকলে তা আসলে নিজেরাই ব্যর্থতার পরিকল্পনা করা। যাদের নীতি–আদর্শ নেই, পরিকল্পনা নেই, তারা ধর্মকে ব্যবহার করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণ ইতোমধ্যে তাদের চেনে, তাদের ‘মুখোশ উন্মোচিত’ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও একই সুরে বলেন— জামায়াত ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করছে।
বিএনপির সাত দিনব্যাপী বিশেষ কর্মসূচির এটি দ্বিতীয় দিন। এ কর্মসূচির মাধ্যমে “আগামীর বাংলাদেশ” বিষয়ে জনগণের মতামত সংগ্রহ করা হবে এবং সেই অনুযায়ী প্রস্তুত করা হবে দলটির নির্বাচনী ইশতেহার। দ্বিতীয় সেশনের সমাপনীতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এই কর্মসূচি চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।
