নরসিংদীর বেলাবো উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে তিন শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ অক্টোবর) দুপুরে ওই তিন শিশু নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে বীরকান্দা ঘাটে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে ডুবে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পরদিন রাতে তাদের মরদেহ ভেসে উঠলে পুলিশ তাদেরকে উদ্ধার করে।
নিহত শিশুরা হলো- বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামের মৃত ফারুখ মিয়ার মেয়ে হালিমা আক্তার (১০), আবুল কাশেমের মেয়ে ঝুমা আক্তার (১০) ও কাউছার মিয়ার মেয়ে শিবা আক্তার (১১)। তারা সবাই প্রতিবেশী একই শ্রেণির শিক্ষার্থী ও বান্ধবী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির মধ্যে হালিমা, ঝুমা ও শিবা তারা তিন জনে বীরকান্দা ঘাটে গোসল করতে আড়িয়াল খাঁ নদে নামে। গোসলের এক পর্যায়ে তারা তিনজনেই নদীতে ডুবে যায়।

এ দিকে সন্ধ্যা ঘনিয়ে আসলে ওই তিন শিশু বাড়ি ফিরে না আসায় তাদের স্বজনরা খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বীরকান্দা ঘাট এলাকায় শিশু হালিমার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। হালিমার মরদেহ উদ্ধারের পর অপর দুই শিশু ঝুমা ও শিবার স্বজনরা তাদের খুঁজতে মরিয়া হয়ে ওঠে।
অনেক খোঁজাখুঁজির পর রাতে বীরকান্দা ঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদে তাদের বাকী দুজনের মরদেহ ভাসতে দেখে স্বজনরা।পরে পুলিশ নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন। নিহেতদের বাড়ীতে শোকের মাতম চলছে।
পরে নিহত স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।
