গাইবান্ধার গোবিন্দগঞ্জে পত্রিকার হকার হেলাল মিয়ার বাড়ী বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ভস্মীভুত হয়ে গেছে।
উপজেলা মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামে এ ঘটনা ঘটে। হেলাল গোবিন্দগঞ্জ শহরের পত্রিকা বিক্রি করেন। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে হঠাৎ শট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনায় তার দুটি ঘর আগুনে ভস্মীভূত হয়ে যায়। এসময় বৈদ্যুতিক লাইন চালু থাকায় প্রতিবেশিরা এগিয়ে আসলেও কোনো সহযোগিতা করতে পারেননি। ফলে চোখের সামনে তার বাড়ী পুড়ে যেতে দেখেন পরিবারের লোকজন ও এলাকাবাসী।
হেলাল জানান, প্রতিদিনের মতই শুক্রবার সকালে তিনি গোবিন্দগঞ্জ শহরে পত্রিকা বিক্রি করতে যান। সেখান থেকে মুঠোফোনে বাড়ীতে আগুন লাগার খবর পান। তিনি বাড়ীতে গিয়ে দেখেন তার বাড়ীর দুটি টিনের ঘর আগুনে পুড়ে গেছে। তার ঘরে বাক্সের ভেতরে রক্ষিত বাড়ি তৈরির জন্য সঞ্চিত নগদ ৬০ হাজার টাকা ও ৫ হাজার টাকার প্রাইজবন্ড সহ ঘরের জিনিসপত্রসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছার আগেই বাড়ী পুড়ে যায়।
এদিকে, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আব্দুল লতিফ প্রধান ও মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।
অপর দিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ সহায়তা প্রদান করেন।
