চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় সোহেল রানা (২৪) নামের এক হাফেজ নিহত হয়েছেন।
রোববার (১৬ জুলাই) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরবাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ নয়নপুর এলাকার মো. সোহাগ মিয়ার ছেলে।
তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় তার বাবার সঙ্গে থাকতেন।
নিহত সোহেল রানার বাবা সোহাগ মিয়া বলেন,
‘আমার ছেলে একজন কোরআনে হাফেজ ছিলো। কুমিরা এলাকায় একটি বেসরকারি স্কুলে খণ্ডকালীন শিক্ষকতা করতেন।’
‘আমার চাকরির সূত্রে ছেলে এখানে থাকতো। শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি চাকরির সাক্ষাৎকার দিতে গিয়েছিল আমার ছেলে।’
‘রাত ১০টার দিকে ছেলের সঙ্গে মোবাইলে কথা বলার সময় আমাকে জানিয়েছিল সকালে বাসায় এসে পৌঁছাবে।’
‘এরপর আর কথা হয়নি ছেলের সঙ্গে। তার আর বাসায় আসা হলো না। ছেলেকে নিয়ে আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে।’
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরকার বলেন,
‘রোববার সকালে বারইয়ারহাট পৌরবাজারে মহাসড়কে সম্ভবত বাসে উঠার জন্য অপেক্ষা করার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সোহেল রানাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’
‘খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।’
আরও পড়ুন:

Comments are closed.