রাজধানীর কল্যাণপুরের একটি বাসায় চিনি মনে করে তেলাপোকা মারার ওষুধ খেয়ে পূর্ণা বৃন্দা পাল (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৩ আগস্ট) মিরপুর থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
মৃত পূর্ণার বাবা বিদ্যুৎ কুমার পাল পুলিশকে জানান, তার বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়।
এ প্রসঙ্গে কুমার পাল বলেন,
‘১১ আগস্ট বিকেলে পূর্ণা ও তার ছোট বোন শানুন্দা দেবজানী পাল (৯) বাসায় বসে টিভি দেখছিল আর তাদের মা মল্লিকা রানী মদক রান্না করছিলেন।’
‘এ সময় বাসায় থাকা তেলাপোকা মারার ওষুধ চিনি মনে করে খেয়ে ফেলে পূর্ণা এবং ওই অবস্থাতেই টিভি দেখতে থাকে। একপর্যায়ে সে অসুস্থতা অনুভব করলে চিৎকার শুরু করে।’
‘তখন তার মা রান্নাঘর থেকে এসে তাকে এই অবস্থায় দেখতে পেয়ে আমাকে ফোনে বিষয়টি জানায়।’
‘আমি দ্রুত বাসায় গিয়ে পূর্ণাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করি। ১২ আগস্ট (শনিবার) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন,
‘চিনি মনে করে তেলাপোকা মারার ওষুধ খেয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।’
‘তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’
আরও পড়ুন:

Comments are closed.