বৈশাখের কুয়াশায় ঢাকা শেরপুর

বৈশাখের শেষে এসে ২/১ দিন পর পরই ঘন ও হালকা কুয়াশা দেখা যাচ্ছে শেরপুরে। শনিবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফের বৈখাশের কুয়াশায় ঢাকা পড়ে শেরপুরের জনপদ। কুয়াশার কারণে ভোরে সড়ক ও মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করতে দেখা যায়।

সকালে তেজদীপ্ত সূর্যও যেন ঢাকা পড়ে ঘন কুয়াশার কারণে। বিশেষ করে গ্রামীণ জনপদে ভোরে গত তিন দিন ধরে ঘন ও মাঝারি কুয়াশা থাকছে।

সেই সঙ্গে শিশিরে ভেজা থাকছে ঘাস ও পাকা বোরো ধানক্ষেত। দুই-একদিন পর পর এমন কুয়াশার দেখা মেলায় অনেকেই একটু বিস্মিত।

তাপপ্রবাহ, গরম, বৃষ্টি, কুয়াশা, একটু শীতের আমেজ এবং শিশির ভেজা সকাল— প্রকৃতির এমন মাখামাখি রূপ বৈশাখে ইতিপূর্বে দেখেননি অনেকেই।

ষড়ঋতুর বাংলাদেশে আগের সেই ধারাবাহিকতা আর নেই। এখন শীতের সময় গরম এবং বর্ষার সময় গ্রীষ্মের আবহাওয়া অনুভূত হচ্ছে। বাংলাদেশের অন্যান্য স্থানের মতো শেরপুরেও এখন সারাবছর ধরেই বৈচিত্র্যপূর্ণ আবহাওয়ার দেখা মিলছে।

প্রত্যক্ষদর্শী শেরপুর পৌরসভার শেখহাটি মহল্লার মিঠু বলেন, আমরা ছোটবেলায় দেখতাম পৌষ মাসে সকালবেলা কুয়াশা হয়। মনে হচ্ছে, দিন আসলে বদলে যাচ্ছে। বৈশাখ মাস গরমের দিন সকালে পৌষ মাসের মতো কুয়াশা পড়েছে। বৃষ্টি আবার গরম। আবার শীতও লাগছে। আসলে বুঝতে পারছি না এসব কী হচ্ছে। সব কিছুই যেন উল্টোপাল্টা মনে হচ্ছে।

একই মহল্লার বৃদ্ধ কৃষক মুকছেদুর রহমান বলেন, আমি বৈশাখের  মাসে এমন কুয়াশা পড়তে দেখিনি। বসন্তকালের কোকিল এখন ডাকছে। ঘন কুয়াশা পড়ছে। এইগুলো আমরা দেখিনি।

শেরপুর জেলায় আবহাওয়া অফিস না থাকায় আবহাওয়ার গতিপ্রকৃতির বিভিন্ন বিষয় জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন :