মুন্সিগঞ্জে পরীক্ষা দিতে এসে মারা গেলো পরীক্ষার্থী

মুন্সিগঞ্জে দাখিল পরীক্ষা দিতে এসে পরীক্ষাকেন্দ্রেই মাহামুদুল হাসান নামে এক পরীক্ষার্থী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এমন মর্মান্তিক ঘটনাটি গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে ঘটে।

প্রচণ্ড গরমে আরো তিনজন পরীক্ষার্থী অসুস্থ হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষাকেন্দ্র কর্তৃপক্ষ।

মাহমুদুল ওই মাদরাসার শিক্ষার্থী ছিলেন। মাহামুদুল পাশের টঙ্গীবাড়ি উপজেলার আপরকাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

উপস্থিত পরীক্ষার্থীরা জানায়, সকালে সোয়া ৯টার দিকে মাহামুদুল বাবার সাথে পরীক্ষা দিতে কেন্দ্রে আসেন। পরে তার বাবা আনোয়ার ছেলেকে রেখে বাড়ি ফিরে যান।

কেন্দ্রে প্রবেশের কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়েন মাহামুদুল।

অসুস্থতার কথা জানতে পেরে মাদরাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহমুদুলের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মাহামুদুল হৃদরোগে আক্রান্ত ছিল।

পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক আবুল বাসার বলেন, মাহমুদুল সকাল সাড়ে ৯টায় দাখিল পরীক্ষা দিতে কেন্দ্রে প্রবেশ করে।

হঠাৎ কিছু ছাত্র এসে আমাকে জানায়, সে অসুস্থ হয়ে পড়েছে। আমরা মাথায় পানি দিয়ে পালস দেখে ভালো মনে না হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাই। তখন চিকিৎসক জানায় সে মারা গেছে।

 

আরও পড়ুন :

এনএএন টিভি