সিদ্ধিরগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী‘র রগ কেটে দিলো স্বামী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌতুকের টাকার জন্য গৃহবধূর হাতের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার (১৯ মে) চিটাগাংরোড হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রিপন কুমার সাহা ওরফে গোলাম রাব্বি নরসিংদী সদরের কোতোয়ালীর চরের বিমল চন্দ্র সাহার ছেলে।

তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড হাউজিং এলাকায় ভাড়া থাকেন।

এ ঘটনায় আহত শাওন আক্তার নিশি বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত রিপন কুমার সাহা ওরফে গোলাম রাব্বির সঙ্গে নিশির ২ বছর পূর্বে পরিচয় হয়।

সে সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই সম্পর্কের একপর্যায়ে গত বছরের ১৩ এপ্রিল অভিযুক্ত নিজ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে রূপান্তরিত হয়ে নিশিকে বিয়ের প্রস্তাব দেয়।

তখন নিশি প্রস্তাবে রাজি হলে ওই বছরেরই ১৬ এপ্রিল ২ লাখ টাকা দেনমোহরে বিয়ে করে।

বিয়ের সময় নিশির বাবা অভিযুক্তকে ব্যবসা করার জন্য দেড় লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণ উপঢৌকন হিসেবে দেয়। বর্তমানে নিশি ৯ মাসের অন্তঃসত্ত্বা।

বিয়ের পর কিছুদিন দাম্পত্য জীবন ভালো চলাকালে নিশির নিকট থেকে ব্যবসা করার জন্য ৫ লাখ টাকা যৌতুক দাবি করে

এবং যৌতুকের এই টাকা আদায় করার জন্য নিশিকে নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করে আসে।

এরই ধারাবাহিকতায় গত ১৯ মে রাতে যৌতুকের টাকা আদায়ের জন্য নিশিকে এলোপাথাড়িভাবে জখম করে নিশির হাতের রগ কেটে দেয়।

তখন নিশির ডাক চিৎকারে আশেপাশে এলাকার মানুষ এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যান।

চিকিৎসা শেষে থানায় মামলা করতে গেলে মামলা গ্রহণ না করলে বাদীনি আদালতে মামলা করতে বাধ্য হন।

 

আরও পড়ুন :

এনএএন টিভি