খুলনা রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় বিএনপির ১৭০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ। এর আগে শনিবার রাতে মামলাটি দায়ের করেন খুলনা রেলস্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার।

ওসি জানান, শনিবার রাতে রেলস্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে বিএনপির অজ্ঞাতনামা ১৫০ থেকে ১৭০ নেতাকর্মীর মামলা করেছেন।
এর আগে, শনিবার দুপুরে খুলনার বৈকালী এলাকায় আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হন। একই দিন দুপুরে খুলনা রেলস্টেশনে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েন ও স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করেন বলে অভিযোগ উঠে।
জানা গেছে, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহের পর শনিবার দুপুরে খুলনা বিভাগীয় শহরে দলটির তৃতীয় সমাবেশ হয়।

Comments are closed.