গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ভস্মীভূত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কালীবাড়ী হাটে ভয়াবহ অগ্নিকান্ডে মেসার্স সাহা ট্রেডাস, ওষুধের দোকান, কাপরের দোকান, চালের আড়ৎ সহ প্রায় ৮ টি দোকান ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান।

২৩ ডিসেম্বর (শুক্রবার) ভোরে ৫ দিকে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৩ ঘন্টা নিরলসভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে মার্কেটের ৮ টি দোকান গোডাউন সম্পূর্ণ পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুসুল্লিরা ফজরের নামাজে যাওয়ার সময় কালিবাড়ী হাটে ওই মার্কেটের আল-আমিনের চালের আড়তে আগুনের লেলিহান শিখা দেখতে পান। আগুনের লেলিহান শিখা মুহূর্তে মধ্যে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মশিউর রহমান জানান, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া, থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা ও পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব।

 

Share this news as a Photo Card