বাড্ডায় স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার: তিন দিনের রিমান্ডে স্বামী

রাজধানীর মেরুল বাড্ডায় একটি বাসা থেকে স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এস এম সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জুন) মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার পরিদর্শক মো. মাসুম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

আদালতে সেলিমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত তার কাছে জানতে চান, কেন খুন করলেন? জবাবে সেলিম বলেন,

‘আমি খুন করিনি। স্ত্রী-সন্তান আত্মহত্যা করেছে। আমি দুধের মধ্যে ৩০টি ওষুধ মিশিয়েছিলাম নিজে খাওয়ার জন্য। কিন্তু, সেই দুধ ওরা খেয়েছে।’

বুধবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডার জামশেদ টাওয়ার থেকে মা বৃষ্টি খাতুন এবং মেয়ে সানজা মারওয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃষ্টির পরিবারের দাবি, পরকিয়াসহ নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরেই মা-মেয়ে হত্যার শিকার হতে পারে বলে ধারণা তাদের।

আরও পড়ুন:

এনএএন টিভি